মন্দারমণিতে পর্যটকদের জন্য দুঃসংবাদ, সমুদ্র সৈকতে জারি কড়া নিষেধাজ্ঞা!
বার্তা ডেস্কঃ 
দীঘার পাশাপাশি পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য মন্দারমণি সৈকতে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির পর বড় পদক্ষেপ নিল পুলিশ ও প্রশাসন। সম্প্রতি সমুদ্রে নেমে নদীয়া থেকে আসা তিন পর্যটক তলিয়ে যান, যাদের মধ্যে একজনের দেহ আজও নিখোঁজ। এই পরিস্থিতি সামাল দিতে ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ মোহনার কাছের ৫০ মিটার বিপজ্জনক এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে। এলাকাটি বাঁশের ব্যারিকেড ও দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিপজ্জনক ঘূর্ণি, চোরাবালি ও প্রবল স্রোতের কারণে রেড জোনে সমুদ্রে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে ১৪ জন নুলিয়া মোতায়েন করা হয়েছে এবং সৈকতে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা ও টহলদারি বাড়ানো হয়েছে। জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, জোয়ারের সময় বা সমুদ্র উত্তাল থাকলে হাঁটু জলের বেশি জলে নামা যাবে না। এছাড়া সৈকতে মদ্যপান, মদ্যপ অবস্থায় স্নান করা, গাড়ি চালানো এবং বর্জ্য ফেলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পর্যটকদের জন্য হোটেলে পরিচয়পত্র রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।