হাওড়া স্টেশনে ব্যাগের চেইন খুলতেই উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, তুলকালাম!

বার্তা ডেস্কঃ

হাওড়া স্টেশনে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। বৃহস্পতিবার ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শিপ্রা এক্সপ্রেস থেকে নামা রোহিত সিং নামে এক যাত্রীর সন্দেহজনক চলাফেরা দেখে তাঁকে আটক করেন আরপিএফ গোয়েন্দারা। মধ্যপ্রদেশের বিদিশা থেকে আসা ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৪৪ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, কলকাতায় সোনা কেনার উদ্দেশ্যে তিনি এই টাকা এনেছিলেন, কিন্তু এর সপক্ষে কোনো বৈধ নথি দেখাতে পারেননি। খবর দেওয়া হলে আয়কর দফতরের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া টাকাসহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেন।

গত ১৫ দিনে হাওড়া স্টেশনে এমন ঘটনা এই প্রথম নয়, বারবার এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো চত্বরে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে সুজিত কালে নামে মহারাষ্ট্রের এক বাসিন্দার থেকে নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার করেছিল আরপিএফ। এর কিছুদিন আগেই ওল্ড কমপ্লেক্স ও বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর থেকে নগদ ২১ লক্ষ টাকা ও সোনা বাজেয়াপ্ত করা হয়। বারবার বিপুল টাকার উৎস ও বৈধ কাগজপত্র না মেলায় পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আয়কর আধিকারিক ও গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *