PMO-র ভুয়ো পরিচয় দিয়ে দাপট, দিল্লি থেকে গ্রেফতার রহস্যময়ী তরুণী!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রীর দফতরের (PMO) ভুয়ো আধিকারিক সেজে রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নে অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার হলেন আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলা। আগে থেকে সময় নিয়ে নবান্নে এসে নিজেকে পিএমও অফিসার দাবি করে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করেন দিল্লির ওই বাসিন্দা। তবে তাঁর কথাবার্তা ও আচরণে সন্দেহ জাগলে তৎক্ষণাৎ বিষয়টির আঁচ পেয়ে সেখান থেকে চম্পট দেন ওই মহিলা। পরিচয় ভুয়ো নিশ্চিত হওয়ার পর পূর্ত দফতরের পক্ষ থেকে হাওড়ার শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত নজরদারি চালিয়ে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড আদায় করে শুক্রবার সকালে বিমানবন্দর হয়ে তাঁকে শিবপুর থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত মহিলাকে হাওড়া সিজেএম আদালতে পেশ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে তিনি নবান্ন থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন এবং এই ঘটনার পেছনে বড় কোনো আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।