২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় নাটকীয় মোড়, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় স্বস্তি আহমেদ বাওয়ার!
বার্তা ডেস্কঃ
২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক অভিযুক্তের সাজায় স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। বিশেষ আদালতের দেওয়া ৩৮ জনের মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চলতি বছরের জুলাই মাসে বহাল রেখেছিল গুজরাট হাই কোর্ট। তবে সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন নাশকতায় জড়িত জঙ্গি সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর সদস্য আহমেদ বাওয়া ওরফে আব্বু আবুবকর বেরেলভি। বিচারপতি বিক্রম নাথ, এজি মাসিহ এবং সন্দীপ মেহতার বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে বাওয়ার মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্ত তথ্যপ্রমাণ চেয়ে গুজরাট সরকারকে নোটিস পাঠিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদের হাসপাতাল, বাজার ও জনবহুল এলাকায় হওয়া ২১টি ধারাবাহিক বিস্ফোরণে ৫৬ জন নিহত এবং ২০০-রও বেশি মানুষ আহত হন। দীর্ঘ ১৩ বছর বিচারপ্রক্রিয়া চলার পর ২০২২ সালে বিশেষ আদালত মোট ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে ৩৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাই কোর্ট এই ঘটনাকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর সুপরিকল্পিত হামলা হিসেবে বর্ণনা করলেও, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক হস্তক্ষেপে এবার আহমেদ বাওয়ার সর্বোচ্চ সাজা আপাতত স্থগিত রইল।