কাশ্মীরে এসআইএ-র বড় অভিযান! উদ্ধার পাসপোর্ট ও জাল নথি, ফাঁস মানব পাচার চক্র!
বার্তা ডেস্কঃ
বিদেশে চড়া মাইনের চাকরির লোভ দেখিয়ে তরুণদের মায়ানমারে পাচার এবং পরবর্তীতে তাদের জোর করে সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার এক আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল কাশ্মীর রাজ্য তদন্ত সংস্থা (SIA)।
বৃহস্পতিবার ভোরে কুলগাম এবং কাজিগুন্দ এলাকার একাধিক সন্দেহভাজন আস্তানায় একযোগে ম্যারাথন অভিযান চালায় SIA-র বিশেষ তদন্তকারী দল।
আদালতের পরোয়ানায় ভোরে আচমকা হানা তদন্তকারী সূত্র জানিয়েছে, উপযুক্ত আদালতের কাছ থেকে সুনির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করার পরই এই মেগা অভিযান চালানো হয়। কুলগামের চেভগম এলাকার বাসিন্দা গোলাম নবী খান্ডে ওরফে ‘চার্লি’ এবং বাগশিপোরার আশিক হুসেন শেখের বাসভবনে ভোরে হানা দেন আধিকারিকরা।
উদ্ধার জালিয়াতির ভুরি ভুরি প্রমাণ দীর্ঘ তল্লাশি চালিয়ে চক্রের সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস এবং আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে:
- একাধিক মোবাইল ফোন
- পরিচয়পত্র ও প্যান কার্ড
- পাসপোর্ট
- ভিনদেশে চাকরির জাল চুক্তিপত্র
যেভাবে পাতা হতো ফাঁদ প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় কিছু দালাল বিদেশের মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগসাজশ করে এই র্যাকেট চালাচ্ছিল। দেশের সরল-সহজ বেকার যুবকদের বড় অঙ্কের বেতনের স্বপ্ন দেখিয়ে প্রথমে বিদেশে নিয়ে যাওয়া হতো। এরপরই শুরু হতো মানসিক অত্যাচার এবং জোর করে সাইবার জালিয়াতিতে নামানোর প্রক্রিয়া।
এই আন্তর্জাতিক র্যাকেটের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কোন কোন বড় নাম জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।