নন্দীগ্রামে উপনির্বাচনের কাউন্টডাউন, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭৯ স্পর্শকাতর বুথে কড়া নজরদারি!
October 2, 2026
বার্তা ডেস্কঃ
তমলুক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতির কাজ এখন চূড়ান্ত পর্বে। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ফলাফল প্রকাশ হতে চলেছে। বৃহস্পতিবার বিকেলে নিমতৌড়ির জেলা শাসক ভবনে এক সাংবাদিক বৈঠকে নির্বাচনের সার্বিক খতিয়ান তুলে ধরেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার এবং পুলিশ সুপার অংশুমান সাহা।
এক নজরে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা:
- ভোটের পরিসংখ্যান: ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন ভোটারের জন্য মোট ৩২৩টি বুথ তৈরি করা হয়েছে। আগামী ২ অক্টোবরের মধ্যেই সমস্ত ভোটের সামগ্রী প্রস্তুত এবং প্রায় ৮০% ভোটার স্লিপ বিলি সম্পন্ন হয়েছে।
- নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম: অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোট ৩৭ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি রাজ্য পুলিশের প্রায় ৬০০-৭০০ জন কর্মী বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন।
- স্পর্শকাতর বুথে বিশেষ নজর: মোট বুথের মধ্যে ৭৯টিকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকবে কিউআরটি (QRT), সেক্টর ফোর্স এবং অন্যান্য বিশেষ নজরদারি দল।
- কড়া নজরদারি ও বাজেয়াপ্ত: কড়া নাকা চেকিং ও রুট মার্চের মাধ্যমে এলাকায় নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত ৯৭ লক্ষ টাকা নগদ এবং ৫,৮৯৩ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে প্রশাসন। নির্বাচনী বিধিভঙ্গের ১০২টি অভিযোগের সবকটিরই নিষ্পত্তি করা হয়েছে।
- পুলিশি পদক্ষেপ: গত দু’মাসে ৩০০টিরও বেশি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) কার্যকর করেছে পুলিশ।
বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার জানান, এ ধরনের কোনো নির্দিষ্ট লিখিত অভিযোগ আসেনি। তবে যেকোনো ঘটনার ক্ষেত্রে আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।