প্রাক্তন মন্ত্রীর টাকা মমতার অ্যাকাউন্টে? রাজ্য রাজনীতিতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ঘিরে আর্থিক অনিয়মের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যদিও ইন্দ্রনীল সেনের দাবি, এই অর্থ ‘রয়্যালটি’ বাবদ দেওয়া হয়েছিল। ইডি জানিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেনের সংস্থা ও অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকার বেশি নগদ জমা পড়েছিল। তবে ইডির প্রেস বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করা হয়নি বা তিনি জেনে-শুনে এই টাকা নিয়েছেন—এমন কোনো অভিযোগ আনা হয়নি।

ইডির এই দাবি ঘিরে ইতিমধ্যই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ‘massArt’ সংক্রান্ত মামলায় দু’দিন আগেই ইন্দ্রনীল সেন ও তাঁর সহযোগীদের ১৫টি ঠিকানায় তল্লাশি চালানোর পর তাঁকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে, ইডির এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘উদ্দেশ্যপ্রণোদিত কৌশল’ বলে তোপ দেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলনেত্রীর নাম সামনে আনা হচ্ছে। বর্তমানে ইডির এই রাজনৈতিক ও আইনি পদক্ষেপে তোলপাড় বঙ্গ রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *