আপেলের গায়ের সেই স্টিকার, কোন সংখ্যাটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক!

বার্তা ডেস্কঃ

‘খালি পেটে জল, ভরা পেটে ফল’— বাঙালি গৃহস্থালিতে এই প্রবাদ অত্যন্ত জনপ্রিয়। শিশু থেকে শুরু করে ডায়াবেটিক রোগী, সবার প্রতিদিনের খাদ্যতালিকায় কিংবা পূজো-পার্বণে আপেল থাকবেই। তবে বাজার থেকে কেনা আপেলের গায়ে ছোট স্টিকারটির দিকে কখনো ভালো করে খেয়াল করেছেন? এটি কিন্তু কেবল সাজসজ্জা বা ব্র্যান্ডিং নয়; এই স্টিকার লুকিয়ে রাখে ফলটি আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী সেই গোপন রহস্য!

কী এই ‘PLU’ স্টিকার? আপেলের গায়ের এই স্টিকারকে বলা হয় PLU (Price Look Up) কোড। আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর প্রডিউস স্ট্যান্ডার্ডস’ (IFPS) এটি নিয়ন্ত্রণ করে। স্টিকারে থাকা বিশেষ সংখ্যা দেখে বোঝা যায় ফলটির জাত, উৎপাদন পদ্ধতি এবং তা কতটা নিরাপদ।

স্টিকারের নম্বর দেখে যেভাবে চিনবেন আপনার আপেল:

  • ৪ ডিজিটের কোড (৩ বা ৪ দিয়ে শুরু): স্টিকারে ৪ সংখ্যার কোড থাকলে (যেমন- ৪১৩১, ৪১৩৩ বা ৪০১৭) বুঝতে হবে এটি সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে চাষ করা হয়েছে। অর্থাৎ, ফল উৎপাদনে সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে। (উল্লেখ্য, ৪১৩১ হলো ফুজি আপেল, ৪১৩৩ গালা আপেল এবং ৪০১৭ নির্দেশ করে সবুজ বা গ্র্যানি স্মিথ আপেল)।
  • ৫ ডিজিটের কোড (৮ দিয়ে শুরু): কোডটি যদি ৫ সংখ্যার হয় এবং শুরুটা ‘৮’ দিয়ে হয় (যেমন- ৮৪১৩১), তবে তা GMO বা জিনগত পরিবর্তন ঘটিয়ে চাষ করা আপেল। গবেষণাগারে ডিএনএ (DNA) পরিবর্তন করে এর ফলন বা গুণগত মান বাড়ানো হয়েছে।
  • ৫ ডিজিটের কোড (৯ দিয়ে শুরু): এটি ক্রেতাদের জন্য সবচেয়ে সুখবর! ৫ ডিজিটের কোডের শুরুতে ‘৯’ থাকা মানে (যেমন- ৯৪১৩১) এটি সম্পূর্ণ অর্গানিক বা জৈব পদ্ধতিতে কোনো কৃত্রিম রাসায়নিক ও বিষাক্ত কীটনাশক ছাড়াই চাষ করা হয়েছে।

সব স্টিকারই কি আন্তর্জাতিক সংকেত? না, সবসময় নয়। অনেক সময় স্টিকারে ‘Good’ বা ‘OK’-র মতো সাধারণ লেখা থাকে। এগুলো আন্তর্জাতিক PLU কোড নয়; স্থানীয় বিক্রেতা বা আমদানিকারকেরা নিজস্ব ব্র্যান্ডিং ও ক্রেতাদের নজর কাড়তে এসব স্টিকার ব্যবহার করেন। অনেক সময় বোঝার সুবিধার জন্য সরাসরি ‘Organic’ বা ‘GM’ শব্দটিও লেখা থাকে।

কেন কেনাকাটার সময় নজর দেবেন? আপেলের গায়ের ছোট এই স্টিকারগুলো না দেখে ফলের কোয়ালিটি নিশ্চিত হওয়া কঠিন। তাই পরের বার ফল কেনার আগে স্টিকারের কোডটি একবার মিলিয়ে নিন—তাহলেই বুঝতে পারবেন আপনি ঠিক কী খাচ্ছেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *