হিমালয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা, নেপালের এই পদক্ষেপে কি বিপদ বাড়বে ভারতেও?
বার্তা ডেস্কঃ
২৬ আগস্টের মর্মান্তিক বিপর্যয়ের পর নতুন বিপদ এড়াতে নেপালের ৪টি হিমবাহ হ্রদের জলস্তর কমানোর কাজ শুরু হয়েছে। তবে আশঙ্কা এখনই কাটছে না, কারণ আরও ১৭টি হ্রদ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক বাঁধ ভেঙে হঠাৎ বিপুল জল নেমে এলে তৈরি হতে পারে ভয়ঙ্কর হড়পা বান ও ভূমিধস। সোলুখুম্বুর লুমডিং শো, হোঙ্গু-২, লোয়ার বরুণ ও থুলাগি হ্রদে পরিকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেই জল কমানোর চেষ্টা চলছে।
এই বিপর্যয়ের আঁচ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশেও পৌঁছাতে পারে। ২০২০ সালে ICIMOD ও UNDP-র সমীক্ষায় কোশী, গণ্ডকী ও কর্ণালী অববাহিকার ৪৭টি হ্রদকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে উত্তরাঞ্চলের কালী নদীর হ্রদটি সর্বোচ্চ ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ দ্রুত গলতে থাকায় হ্রদগুলির আয়তন আশঙ্কাজনকভাবে বাড়ছে। জলবায়ুর এই ধাক্কা সামলাতে এখন উভয় দেশের যৌথ নজরদারি ও সমন্বিত সতর্কবার্তাই একমাত্র ভরসা।