দিঘি দখল নিয়ে খুনের হুমকি! কাঠগড়ায় কংগ্রেস নেতা
বার্তা ডেস্কঃ
বালুরঘাট: দিঘির দখল এবং বেআইনি মাছ চাষ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে খোদ অতিরিক্ত জেলাশাসককে (এডিএম) অকথ্য ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কংগ্রেস নেতার নাম শুভাশিস পাল ওরফে সোনা। চাঞ্চল্যকর এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ দিনাজপুরের এডিএম (ভূমি ও রাজস্ব) ইজাজ আহমেদ।
ঠিক কী ঘটেছিল? প্রশাসন সূত্রে খবর, হরিরামপুরে জেলা পরিষদের অধীনে থাকা কয়েকটি দিঘিতে মাছ চাষ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন কংগ্রেস নেতা সোনা পাল। বুধবার এই বিষয়ে কথা বলতেই তিনি প্রশাসনিক ভবনে যান। অভিযোগ, এডিএম-এর সঙ্গে কথা বলার সময় আচমকাই তিনি মেজাজ হারান এবং আধিকারিককে প্রাণনাশের হুমকি দেন।
অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ জানান, আলোচনার সময় ওই কংগ্রেস নেতা দিঘি নিয়ে হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করেন। তিনি সেই অর্ডারের কপি দেখতে চাইলেই সোনা পাল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
কী বলছেন অভিযুক্ত নেতা? যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সোনা পাল। তাঁর পালটা দাবি, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দিঘিতে গায়ের জোরে মাছ চাষ করছে তৃণমূলের লোকজন। থানা এবং বিএলআরও অফিসে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই বিষয়েই এডিএমের কাছে গিয়েছিলাম, কোনও দুর্ব্যবহার করিনি।”
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এডিএম-এর লিখিত অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।