ভারত-ব্রাজিল মহাযুদ্ধ! সল্টলেকে কড়া নিরাপত্তা, মাঠে কী কী নিয়ে ঢোকা বারণ?
বার্তা ডেস্কঃ
শনিবার সল্টলেক স্টেডিয়ামে ফুটবলের মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও ভারত। এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই উন্মাদনার কথা মাথায় রেখেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা স্টেডিয়াম চত্বর। গত ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না বিধাননগর পুলিশ।
নিরাপত্তায় কড়া নজরদারি ও তিন স্তরের তল্লাশি ম্যাচে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে প্রায় ২ হাজার পুলিশকর্মী এবং ৪০০-র বেশি সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হচ্ছে। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরায়। দর্শকদের জন্য তিন স্তরের কড়া তল্লাশির ব্যবস্থা থাকছে। ডিজিটাল টিকিট স্ক্যান করার পরেই মিলবে প্রবেশের অনুমতি। শেষ মুহূর্তের ভিড় ও হুড়োহুড়ি এড়াতে দর্শকদের বিকেল ৫টার মধ্যে মাঠে পৌঁছে যাওয়ার কড়া পরামর্শ দিয়েছে পুলিশ।
মাঠে কী কী নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের নিয়মে এবার কড়াকড়ি আনা হয়েছে। জলের বোতল বা বাইরের কোনও খাবার নিয়ে মাঠে ঢোকা যাবে না। পাশাপাশি লাইটার, সিগারেট, স্মোক ক্যান্ডেল, আতশবাজি, লেজার লাইট, ধারালো অস্ত্র, মদ বা মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এমনকী, ব্যানার, পোস্টার এবং ঢাক-ঢোল নিয়েও মাঠে ঢোকা বারণ। দর্শকরা যাতে মাঠে কোনও বস্তু ছুড়তে না পারেন, সেদিকে কড়া নজর রাখবেন নিরাপত্তাকর্মীরা।
টিকিট পাননি? খেলা দেখার সুযোগ রয়েছে অন্য জায়গাতেও! যাঁরা সল্টলেক স্টেডিয়ামের টিকিট পাননি, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। কলকাতা পুরসভার উদ্যোগে কসবার অ্যাক্রোপলিস মলের পিছনে গীতাঞ্জলি স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে এই ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৩ হাজার দর্শক সেখানে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সরাসরি সম্প্রচার। সেখানেও ভিড় সামলাতে পুলিশের কড়া নজরদারি থাকছে।