মায়াপুর কি এবার আন্তর্জাতিক শহর হতে চলেছে!

বার্তা ডেস্কঃ

শ্রীধাম মায়াপুরের আমূল রূপবদলের উদ্যোগ নিল রাজ্য সরকার। বিশ্বখ্যাত ইসকন মন্দিরকে কেন্দ্র করে প্রায় ২১০০ বিঘা (প্রায় ৭০০-৮০০ একর) এলাকা জুড়ে এক বিশাল মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মায়াপুরকে আরও আকর্ষণীয়, সুন্দর ও আধুনিক করে তুলে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শুধু মন্দিরের আশপাশেই নয়, সামগ্রিক শহর এলাকার পরিকাঠামো উন্নয়নের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

মায়াপুরে কী কী আধুনিক বদল আসছে?

প্রস্তাবিত এই মাস্টারপ্ল্যানে মায়াপুরের রাস্তাঘাট, গণপরিবহন ব্যবস্থা, বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আধুনিক পথবাতির সুব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়া দেশ-বিদেশ থেকে আগত তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য উচ্চমানের সুযোগ-সুবিধা তৈরি করা হবে। এই সুবৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে খ্যাতনামা প্ল্যানার এবং আর্কিটেক্টদের নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার। তবে যেহেতু পুরো এলাকাটি পঞ্চায়েতের অধীনে রয়েছে, তাই সুচারুভাবে কাজ সম্পন্ন করতে বিভিন্ন সরকারি দফতরের মধ্যে নিবিড় সমন্বয় সাধনের ওপর জোর দেওয়া হচ্ছে।

মায়াপুর ঘুরে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

গত বৃহস্পতিবার ইসকন মায়াপুর সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শন শেষে মায়াপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক, নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেএমডিএ-র সিইও নীতিন সিংহানিয়া সহ বিভিন্ন দফতর এবং প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা।

বিদেশি পর্যটকদের টানাই মূল লক্ষ্য

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মায়াপুরকে এমন ঢঙে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে বাংলার পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিদেশি পর্যটকরাও এখানে ছুটে আসেন। পাশাপাশি, রাজ্যের ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় যে পাঁচটি শহরকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে নবদ্বীপও রয়েছে। সেই স্মার্ট সিটি প্রকল্পের হাত ধরেই নবদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ঘটাতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *