পুজোর ছুটিতে বাড়ি ফেরা নিশ্চিত, রেলের ১৯ জোড়া বিশেষ ট্রেনেই মুশকিল আসান!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজো— উৎসবের এই মরশুমে রেলযাত্রীদের বাড়তি চাপ ও ভিড় সামলাতে বিরাট পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল। যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে উৎসবের মরশুমে ১৯ জোড়া স্পেশাল ট্রেনের মোট ৩৪৪টি ট্রিপ চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি, সাধারণ বা নিয়মিত ট্রেনগুলিতেও স্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে, যাতে শেষ মুহূর্তে টিকিটের সমস্যায় পড়তে না হয়।

গত বছর উৎসবের মরশুমে দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে ১৯ জোড়া স্পেশাল ট্রেনের মোট ৩৫৬টি ট্রিপ চালানো হয়েছিল। তার মধ্যে ৮ জোড়া স্পেশাল ট্রেন পরবর্তীতে স্থায়ী পরিষেবায় রূপান্তরিত করা হয়। এছাড়া দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন এলাকায় ১৩ জোড়া স্পেশাল ট্রেনের যাত্রা শুরু বা শেষ হয়েছিল এবং ২৮ জোড়া স্পেশাল ট্রেন এই রেলওয়ে জোনের উপর দিয়ে চলাচল করেছিল।

এবারের পুজোতেও একাধিক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট হলো:

  • শালিমার – চারলাপল্লি / বিশাখাপত্তনম / খুরদা রোড
  • সাঁতরাগাছি – আজমের / নাহারলাগুন / পুরী / তিরুবনন্তপুরম / দিঘা
  • মালদহ টাউন – দিঘা – মালদহ টাউন
  • রাঁচি – আজমের / আনন্দ বিহার / আলিপুরদুয়ার / শালিমার
  • হাতিয়া – বানো / এসএমভিটি বেঙ্গালুরু / এলটিটি মুম্বই
  • এলটিটি মুম্বই – সাঁতরাগাছি এবং লখনউ – আদিত্যপুর

এছাড়াও আরও অতিরিক্ত এক জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের এলাকা দিয়ে চলাচল করবে।

স্থায়ী কোচ বৃদ্ধি: যাত্রী পরিষেবার বহর বাড়াতে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন নিয়মিত ট্রেনে ৩০টি কোচ স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে। গত বছরও অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটাতে ৭৪টি কোচ স্থায়ীভাবে যুক্ত করা হয়েছিল।

দক্ষিণ-পূর্ব রেলের আশা, স্পেশাল ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচের এই ব্যবস্থার ফলে পুজোর মরশুমে যাত্রীদের চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে। এর জেরে পুজোয় ঘরমুখী মানুষের যাতায়াতের বিকল্প সুযোগ ও স্বস্তি উভয়ই বহুগুণ বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *