লন্ডন ট্রাভেল মার্টে বাংলার জয়জয়কার, বিশ্বমঞ্চে পর্যটন নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
মালবাজার: বিশ্বমঞ্চে বাংলার পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঐতিহাসিক পদক্ষেপ। লন্ডনের পর্যটন উৎসবের মেলায় এই প্রথমবার অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। বিশ্বের ছ’টি বড় দেশে আয়োজিত পর্যটন উৎসবে পর্যায়ক্রমে ঠাঁই পাবে বাংলার কাউন্টার। আগামী ডিসেম্বরে লন্ডন থেকেই আন্তর্জাতিক মঞ্চে এই বর্ণাঢ্য যাত্রা শুরু করতে চলেছে রাজ্য।
সম্প্রতি জলপাইগুড়ির চালসার কাছে একটি বেসরকারি রিসর্টে জেলাস্তরের পর্যটন ব্যবসা ও ট্যুর অপারেটরদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠকে ব্যবসায়ীরা বন দপ্তর, পরিকাঠামো, ভূমি জটিলতা, বিদ্যুৎ সমস্যা এবং জঙ্গল সাফারি টিকিটের মতো একাধিক জরুরি দাবি মন্ত্রীর সামনে তুলে ধরেন। সমস্ত দাবি লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী আশ্বাস দেন, দুই মাসের মধ্যে প্রতিটি সমস্যার বাস্তবসম্মত পদক্ষেপ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
৩৬৫ দিনের পর্যটন ও অভিনব উদ্যোগ বাংলায় কেবল নির্দিষ্ট মরশুমে নয়, সারাবছরই পর্যটকদের ভিড় টানতে ‘৩৬৫ ডেজ় ট্যুরিজ়ম’ বা বছরভর পর্যটনের ওপর বিশেষ জোর দিচ্ছে দপ্তর। রাজ্যকে দেশের পর্যটন মানচিত্রের শীর্ষে পৌঁছে দিতে জেলাওয়ারি একাধিক আকর্ষণীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো হলো:
- পুরুলিয়া: পলাশ উৎসব।
- সান্দাকফু থেকে মেঘমা: ভিন্টেজ কার র্যালি।
- দার্জিলিং: বিশেষ চা উৎসব ও যানজট নিয়ন্ত্রণে একাধিক নতুন পার্কিং লট তৈরির পরিকল্পনা।
- কলকাতা: সাত দিনব্যাপী আন্তর্জাতিক মানের ফুড ফেস্টিভ্যাল।
পাশাপাশি, পর্যটকদের সুবিধার্থে রাজ্যের বর্তমান পর্যটন ওয়েবসাইটটিকে আন্তর্জাতিক মানের করে তোলার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি সিটংয়ের অগ্নিকাণ্ডের ঘটনার কথা মাথায় রেখে পর্যটন নিরাপত্তা বাড়াতে প্রতিটি হোমস্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী।