যানজট থেকে মুক্তি! ১৫ অক্টোবরই চালু হচ্ছে দ্বিতীয় ফরাক্কা সেতু

বার্তা ডেস্কঃ

ফরাক্কা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগে উত্তর ও দক্ষিণবঙ্গবাসীর জন্য আসছে এক বিরাট উপহার। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ অক্টোবরের মধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে চলেছে বহু প্রতীক্ষিত দ্বিতীয় ফরাক্কা সেতু। এর ফলে ঐতিহাসিক এই দুই অংশের যোগাযোগ ব্যবস্থা এক নতুন মাত্রা পাবে এবং দীর্ঘদিনের যানজটের যন্ত্রণা থেকে মিলবে মুক্তি।

গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ পুরোপুরি নির্ভরশীল ছিল সাতের দশকে তৈরি পুরনো ফরাক্কা সেতুর উপর। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বহুগুণ বাড়ায় পুরনো সেতুটির উপর তৈরি হয়েছিল মাত্রাতিরিক্ত চাপ। প্রতিদিন প্রায় ৩০ হাজার ছোট-বড় গাড়ি যাতায়াত করায় তৈরি হতো তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো দূরপাল্লার গাড়ি ও পণ্যবাহী ট্রাকগুলিকে।

এই সমস্যার স্থায়ী সমাধান করতে ২০১৮ সালে শুরু হয় দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ। দীর্ঘ আট বছরের পরিশ্রমে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এবং ৫২১ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক চার লেনের সেতুটি। বিশেষ সুবিধার জন্য সেতুটিতে রাখা হয়েছে একটি এমার্জেন্সি লেনও। ফলে মাঝপথে কোনও গাড়ি খারাপ হলে তা সরিয়ে নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করা যাবে, যা মূল সড়কের ট্রাফিক স্বাভাবিক রাখবে।

উল্লেখ্য, মাসখানেক আগে এই সেতুর একটি লেন পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ সফল হয়। এবার আগামী ১৫ অক্টোবরের মধ্যে পুরো সেতুটি পূর্ণমাত্রায় চালু করার লক্ষ্য নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। নতুন এই সেতু চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *