শুভেন্দুর সামনেই বোমা ফাটালেন হেভিওয়েট তৃণমূল নেতা, নন্দীগ্রামে শোরগোল!
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম: রবিবার শেষবেলার প্রচারে একেবারে তুঙ্গে উঠল নন্দীগ্রাম উপনির্বাচনের রাজনৈতিক পারদ। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, আর তার আগে আজ রবিবার শেষ প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর সমর্থনে আয়োজিত মেগা মিছিলে কোমর বেঁধে নেমে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত বিশাল এই মিছিলে মানুষের ঢল নামে, আর সেই মিছিলেই সামনের সারিতে থেকে পা মেলান শুভেন্দু।
নাটকীয় মোড় ও তৃণমূল নেতার এন্ট্রি: তবে প্রচারের মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। র্যালির ভিড় ঠেলে হঠাৎই শুভেন্দু অধিকারীর সামনে এসে হাজির হন স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতা—বাইতুল্লা। শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এক চাঞ্চল্যকর দাবি করেন। ওই তৃণমূল নেতা জানান, তাঁর এলাকার প্রায় ১ হাজার ১৮টি ভোটের মধ্যে ১ হাজারটি ভোটই পেতে চলেছে বিজেপি!
কী বললেন শুভেন্দু অধিকারী? তৃণমূল নেতার এমন অভাবনীয় দাবিতে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এই প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, “ওরা চাইলে বন্ধুত্ব করতে পারে। ইনি বায়তুল্লা, এখানকার টিএমসি-র বড় নেতা। যে বুথ দিয়ে র্যালি যাচ্ছে, সেটা পুরো মুসলিম অধ্যুষিত বুথ। অথচ উনি দাবি করছেন বুথের সিংহভাগ ভোট বিজেপি পাবে। কী করে হবে, ওরাই জানে!”
কাউকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে শুভেন্দু হুঙ্কার ছেড়েছেন, “আমি তো কাউকে ভয় দেখাইনি। এটুকু বলছি, এখানে বিরোধীদের জামানত জব্দ হবে। যে পারে যাক, যেখানে খুশি নাম লেখাক—সব নাম-নিশান মিটে যাবে, কিচ্ছু থাকবে না!” সব মিলিয়ে উপনির্বাচনের ঠিক আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ যে চরম রোমাঞ্চকর মোড় নিয়েছে, তা বলাই বাহুল্য।