‘গ্রেফতার করলে মস্ত ভুল করবেন!’ কেন্দ্রকে চরম হুঁশিয়ারি সৌরভের

বার্তা ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে জোরালো হচ্ছে বিক্ষোভের পারদ। আর তার মাঝেই তৈরি হয়েছে এক নতুন নাটকীয় মোড়। যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) শীর্ষ নেতারা! সোশ্যাল মিডিয়ায় এই আশঙ্কার কথা প্রকাশ করেই দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন সিজেপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাস।

‘আন্দোলন থামানো যাবে না’ টুইটে (এক্স) সৌরভ দাস লেখেন, “আমাকে, আশুতোষ রাঙ্কা এবং অভিজিৎ দিপকে-কে গ্রেফতারের ছক কষছে সরকার। কিন্তু এভাবে তরুণ প্রজন্ম ও আন্দোলনকারীদের দমিয়ে রাখা যাবে না। আমাদের গ্রেফতার করাটা সরকারের জন্য বড় ভুল সিদ্ধান্ত হবে।” তিনি স্পষ্ট জানান, জেলে যেতে তাঁরা মানসিকভাবে প্রস্তুত, তবে নেতা গ্রেফতার হলেও সাধারণ মানুষ নিজেদের অধিকার ও ভবিষ্যতের লড়াই থামাবে না।

১০ অক্টোবর মেগা জমায়েতের ডাক সরকারের তথাকথিত ‘দমননীতি’র বিরুদ্ধে সাধারণ মানুষকে এককভাবে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। আগামী ১০ অক্টোবর দেশজুড়ে সবচেয়ে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

উত্তাল একাধিক রাজ্য, জোরালো রাজনৈতিক সমর্থন ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে সিজেপি-র বিক্ষোভে যোগ দিয়েছেন বাম নেত্রী বৃন্দা কারাট এবং ঐশী ঘোষ। অন্যদিকে, জাতীয় পতাকা হাতে সংবিধান বাঁচানোর লড়াইয়ে মুম্বইয়ের রাজপথে যৌথভাবে নেমেছেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেন নির্বাচন কমিশন? এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একটি জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সহযোগীদের আপত্তি সত্ত্বেও নিজের একক সিদ্ধান্তে এই প্রক্রিয়া কার্যকর করেছিলেন তিনি। যদিও কমিশনের দাবি, সব সিদ্ধান্ত যৌথভাবেই নেওয়া হয়েছে।

এরই মধ্যে শনিবার যন্তর মন্তরের বিক্ষোভ চলাকালীন ৩ জন মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে। ঘটনার তদন্তভার ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ।

এখন দেখার, ১০ অক্টোবরের মহাজমায়েতের আগে সৌরভ দাসদের গ্রেফতারির আশঙ্কা সত্যি হয় কি না, নাকি আন্দোলনের তীব্রতায় ব্যাকফুটে ঠেলে দেওয়া যায় কেন্দ্রকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *