ভারতমাতার অপমানের বদলা! SRFTI-এর সামনে হিন্দু সংগঠনের তুমুল বিক্ষোভ
বার্তা ডেস্কঃ
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) সামনে ফের উত্তেজনা। গত রবিবারের অশান্তির জেরে এদিন ইনস্টিটিউটের গেটে তুমুল বিক্ষোভ দেখাল ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী SRFTI-এর গেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসে ওই হিন্দু সংগঠনটি। মিছিল গেটের কাছে পৌঁছতেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। ইনস্টিটিউটের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগত বিক্ষোভকারীরা জোর করে ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এমনকী, বাইরে থেকে ক্যাম্পাসের উদ্দেশে ইট-পাটকেলও ছোড়া হয় বলে দাবি পড়ুয়াদের।
কেন এই বিক্ষোভ? এই ঘটনার সূত্রপাত গত রবিবার। ওইদিন ক্যাম্পাসে আরএসএস-এর শাখা সংগঠন এবিজিপি (ABGP)-র একটি অনুষ্ঠান ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। এবিজিপি-র অভিযোগ ছিল, তাদের অনুষ্ঠান চলাকালীন কিছু পড়ুয়া ব্যানার ছিঁড়ে দেয় এবং স্লোগান দিতে থাকে। অন্যদিকে, পড়ুয়াদের পালটা দাবি ছিল, ওই অনুষ্ঠান থেকে উসকানিমূলক বার্তা দেওয়া হচ্ছিল এবং প্রতিবাদ করায় তাদের ওপর হামলাও চালানো হয়।
রবিবারের সেই ঘটনার প্রতিবাদেই এদিন হিন্দু জাগরণ মঞ্চের এই বিক্ষোভ মিছিল। এদিনের উত্তেজনা প্রসঙ্গে সংগঠনের এক আন্দোলনকারী বলেন, “আমাদের এই আন্দোলন সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। সাধারণ মানুষ যদি ভারতমাতার অপমানের বদলা নেয়, তবে তার জন্য আমাদের মঞ্চের কোনও দায় থাকবে না।”