১৪,৪৫৪ সরকারি পদে নিয়োগের বড় ঘোষণা, বাড়ল ভাতা ও বিশেষ অনুদান!

বার্তা ডেস্কঃ

রাজ্যের চাকরিপ্রার্থী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। সোমবার ক্যাবিনেট বৈঠকে রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

কোন কোন দপ্তরে নিয়োগ? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, বন বিভাগ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এবং কারেকশনাল হোম সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে এই নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশন (PSC) ও সংশ্লিষ্ট দপ্তরগুলির মাধ্যমে পরীক্ষার আয়োজন করে স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চলতি অর্থবর্ষেই মোট ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

‘কর্মবন্ধু’দের বেতন ও হস্টেল ভাতা বৃদ্ধি চাকরির পাশাপাশি রাজ্যের ‘কর্মবন্ধু’ প্রকল্পে কর্মরতদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অক্টোবর মাস থেকেই এই প্রকল্পে যুক্ত কর্মীরা প্রতি মাসে ৮,০০০ টাকা করে বেতন পাবেন। এর পাশাপাশি হস্টেলে থেকে পড়াশোনা করা এসসি (SC) ও এসটি (ST) শ্রেণির পড়ুয়াদের খাবারের জন্য সরকারি অনুদান প্রতি মাসে ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।

ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে চালু করা হচ্ছে ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় স্নাতক স্তরের ছাত্রীরা ৩ বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন:

  • প্রথম বর্ষ: ১৭,০০০ টাকা
  • দ্বিতীয় বর্ষ: ১৭,০০০ টাকা
  • তৃতীয় বর্ষ: ১৬,০০০ টাকা

আগামী জানুয়ারি মাসেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তা ছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *