ঝড়খালিতে যুবককে গুলি করে খুন, নেপথ্যে কি ত্রিকোণ প্রেম?

বার্তা ডেস্কঃ

ঝড়খালি: দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে রাতের অন্ধকারে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দেবকুমার গায়েন (২৫)। রবিবার রাতে ঝড়খালির পার্বতীপুর এলাকায় ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে বিষয়টি সাধারণ পথদুর্ঘটনা বলে মনে হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। সেখানে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে চিকিৎসকদের পরীক্ষাতেই সামনে আসে আসল সত্যি— এটি কোনো দুর্ঘটনা নয়, ওই যুবকের মাথায় রয়েছে স্পষ্ট গুলির ক্ষত। অর্থাৎ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েই খুন করা হয়েছে দেবকুমারকে।

কেন এই খুন?

হঠাৎ কেন ২৫ বছরের এই যুবককে নিশানা করা হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক অনুমান, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে কোনো ত্রিকোণ প্রেমের সম্পর্কের জটিলতা বা টানাপোড়েন।

সোমবার সকালে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার আসল কারণ জানতে এবং অপরাধীদের শনাক্ত করতে সব দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *