পুজোর মুখে খুশির খবর, কলেজ ছাত্রীদের ৫০ হাজার টাকা দিচ্ছে রাজ্য!
বার্তা ডেস্কঃ
কলকাতা: অন্নপূর্ণা যোজনার পর এবার রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে নতুন সামাজিক প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন ‘ভগিনী নিবেদিতা প্রকল্প’ (Bhagini Nivedita Scheme)। এই প্রকল্পের অধীনে রাজ্যের অবিবাহিত কলেজ ছাত্রীরা মোট ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
কবে চালু হবে এবং কীভাবে মিলবে টাকা? সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে। তিন বছরে মোট তিনটি কিস্তিতে সরাসরি ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে:
- প্রথম বছর: ১৭,০০০ টাকা
- দ্বিতীয় বছর: ১৭,০০০ টাকা
- তৃতীয় বছর: ১৬,০০০ টাকা
পড়ুয়া ও হোস্টেল আবাসিকদের জন্য বাড়তি সুবিধা: ছাত্রীদের পাশাপাশি তফশিলি জাতি (SC) ও উপজাতি (ST) সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হোস্টেলে থেকে পড়াশোনা করা এসসি/এসটি পড়ুয়াদের মাসিক খাদ্য ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হলো। ফলে একধাক্কায় ১৫০০ টাকা বরাদ্দ বৃদ্ধি পেল।
পুজোর মুখেই ‘কর্মবন্ধু’দের বেতন বৃদ্ধি: রাজ্যের ‘কর্মবন্ধু’ কর্মীদের জন্যও বড় সুখবর এনেছে রাজ্য মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত এই কর্মীরা মাসে ৫,০০০ টাকা করে বেতন পেতেন। মুখ্যমন্ত্রী জানান, তাঁদের বেতন ৩,০০০ টাকা বাড়ানো হচ্ছে। ফলে এই পুজোর মাস থেকেই তাঁরা প্রতি মাসে ৮,০০০ টাকা করে পাবেন।