এভারেস্টের মশলায় বিষাক্ত কীটনাশক, বাজার থেকে পণ্য ফেরতের কড়া নির্দেশ!
বার্তা ডেস্কঃ
খাদ্য প্রেমীদের রান্নাঘরে জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের জিরেগুঁড়ো নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ল্যাবরেটরিতে পরীক্ষার পর এভারেস্টের প্যাকেটজাত জিরেগুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচে নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলে Azoxystrobin এবং Thiamethoxam নামক দুই ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর খাদ্য সুরক্ষার নিয়ম অনুযায়ী এই পণ্যটিকে সম্পূর্ণ ‘অনিরাপদ’ ঘোষণা করা হয়েছে।
ভোক্তাদের সুরক্ষার কথা মাথায় রেখে নির্দেশিকা জারি করে FSSAI এভারেস্ট ফুড প্রোডাক্টসকে সংশ্লিষ্ট পণ্যটি অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। খাদ্য নিয়ামক সংস্থার এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছে শুধুমাত্র ‘E080668761’ ব্যাচ নম্বরের এভারেস্ট জিরেগুঁড়ো। ফলে সমস্ত এভারেস্ট জিরেগুঁড়ো অনিরাপদ নয়, কেবল এই নির্দিষ্ট ব্যাচটির ক্ষেত্রেই প্রত্যাহার কার্যকর হবে। গ্রাহকদের নিজেদের ঘরে থাকা জিরেগুঁড়োর প্যাকেটের ব্যাচ নম্বর মিলিয়ে দেখে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।