১৩৫ বছরের ঐতিহ্যবাহী লাইব্রেরি কি বিলীন হবে? শাস্ত্রী ভবন নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ!
বার্তা ডেস্কঃ
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জেরে দিল্লির শাস্ত্রী ভবন ভেঙে ফেলার কারণে সংকটে পড়েছে ১৩৫ বছরের পুরনো সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরি। এই ঐতিহাসিক ও দেশের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরিটি কোথায় এবং কীভাবে স্থানান্তরিত হবে, সে বিষয়ে কেন্দ্রের কাছে আগামী তিন সপ্তাহের মধ্যে বিস্তারিত পরিকল্পনা সম্বলিত হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পিভি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। লাইব্রেরিতে থাকা সাড়ে আট লাখের বেশি দুষ্প্রাপ্য বই ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র যথাযথ সংরক্ষণের স্থান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
১৮৯১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত এই লাইব্রেরি ১৯৬৯ সাল থেকে শাস্ত্রী ভবনে রয়েছে। সংস্কৃতি মন্ত্রক পর্যাপ্ত জায়গা চাইলেও, প্রস্তাবিত স্থানে মাত্র দুটি ছোট ঘর বরাদ্দ করার কথা বলায় জটিলতা তৈরি হয়। বিশেষ করে আরকে পুরমে থাকা বইগুলির ভবিষ্যৎ ও রক্ষণাবেক্ষণ নিয়ে কেন্দ্রকে সুনির্দিষ্ট জবাব দিতে বলা হয়েছে। আদালতের এই জোরালো হস্তক্ষেপে ঐতিহাসিক এই লাইব্রেরি স্থানান্তরের ধোঁয়াশা কাটবে এবং সঠিক পরিকল্পনা সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।