তদন্তের মাঝেই পদোন্নতি! মহিলা সাংবাদিক হেনস্থায় অভিযুক্ত এসিপি এখন অ্যাডিশনাল ডিসিপি?
বার্তা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে আন্দোলন কভার করতে যাওয়া এক মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ পুলিশ অফিসার বিবেক ভগতের বিতর্কিত পদোন্নতি কেন্দ্র করে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। গত ৩ অক্টোবর নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলা প্রতিবাদ চলাকালীন আইসা সভানেত্রীকে আটকের প্রতিবাদ করায় তৎকালীন এসিপি বিবেক ভগত ওই সাংবাদিককে চড়াও হয়ে শ্লীলতাহানি ও ধাক্কা দেন বলে লিখিত অভিযোগ দায়ের হয়। বর্তমানে এই মারাত্মক ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অথচ সেই তদন্তপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বেই অভিযুক্ত অফিসারকে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিসিপি) পদে উন্নীত করা হয়েছে।
এই পদোন্নতির ঘটনা সামনে আসতেই দিল্লি পুলিশের নিরপেক্ষতা, সদিচ্ছা ও তদন্তের স্বচ্ছতা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাজকর্মী অভিজিৎ দিপকেসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিষয়টিকে ‘শ্লীলতাহানির পুরস্কার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, আন্দোলনকারী মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের সোশ্যাল মিডিয়া দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, আইন মেনে ও মহিলা পুলিশকর্মীদের উপস্থিতিতেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, তদন্ত চলাকালীন এমন বিতর্কিত পদোন্নতির সিদ্ধান্ত সাংবাদিক মহল ও নাগরিক সমাজের ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে।