কৃষ্ণসাগরে তুর্কি জাহাজে ভয়াবহ রুশ ড্রোন হামলা, হতাহত ভারতীয় নাবিক!

বার্তা ডেস্কঃ

কৃষ্ণসাগরে তুরস্কের মালিকানাধীন অসামরিক পণ্যবাহী জাহাজ ‘এমভি রয়াদ মাম্মাদভ’-এ রুশ ড্রোন হামলার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রোমানিয়ার জলসীমার বাইরে সংঘটিত এই হামলায় জাহাজে আগুন ধরে যায় এবং দুইজন কর্মীর মৃত্যু হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহতদের মধ্যে জাহাজের ক্যাপ্টেনও রয়েছেন এবং উদ্ধার করা ১১ জনের মধ্যে আজারবাইজান ও ভারতের নাগরিক ছিলেন। জাহাজটিতে মোট তিনজন ভারতীয় নাবিক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একজন আহত হয়ে রোমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন। রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র হাসপাতালে গিয়ে আহত নাবিকের চিকিৎসার খোঁজ নেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমানে তিন ভারতীয়ই নিরাপদ ও ভালো আছেন।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মস্কোকে কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক মহল তথা নয়াদিল্লি। অসামরিক পণ্যবাহী জাহাজে এই ধরণের আক্রমণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুদ্ধের পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের নিরাপত্তা, অসামরিক জীবন এবং আন্তর্জাতিক বাণিজ্যপথ সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। ভারত ফের স্পষ্ট করেছে যে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের একমাত্র সমাধান নিহিত রয়েছে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনীতির মধ্যে। কৃষ্ণসাগরে অসামরিক জাহাজে ক্রমাগত হামলা বাড়তে থাকায় আন্তর্জাতিক পণ্য পরিবহণ ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়ছে। পর পর আন্তর্জাতিক সংঘাতের মাঝে ভারতীয় নাগরিকদের আক্রান্ত হওয়ার ঘটনা বিদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *