ইরানের আতঙ্ক! ব্রিটেন থেকে বোমারু বিমান সরাল আমেরিকা, স্বীকার করলেন ট্রাম্প
বার্তা ডেস্কঃ
ব্রিটেনের মার্কিন সামরিক ঘাঁটি র্যাফ ফায়ারফোর্ড থেকে হঠাৎ করেই সমস্ত বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে আমেরিকা। সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকির কারণেই যে তড়িঘড়ি এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে কথা সরাসরি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানান, কোনো কারণ ছাড়া এমনি এমনি বিমানগুলো উড়িয়ে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়নি। মূলত পশ্চিম ইংল্যান্ডের এই ঘাঁটিতে বড় ধরনের হামলার ছক বানচাল করার পর পেন্টাগন কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল থেকে তিনটি বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে আটক করে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে ইউক্রেনের অনুসৃত কৌশলে ট্রাকের ভেতর ড্রোন লুকিয়ে এই ঘাঁটিতে নাশকতার পরিকল্পনা করেছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এমনকি এই হামলার ছক বাস্তবায়নে তারা ব্রিটিশ নাগরিকদের ভাড়া করেছিল বলেও একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘাঁটিটি সম্প্রতি ইরানের ওপর পরিচালিত সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে নিরাপত্তার চাদর শক্তিশালী করার অংশ হিসেবে বিমানগুলোকে আমেরিকার নিজস্ব হোম স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই পুরো সামরিক গতিবিধি নিয়ে ব্রিটিশ প্রশাসন মন্তব্য না করলেও ট্রাম্প সাফ জানান, হামলার নেপথ্যে কারা ছিল তা ওয়াশিংটনের জানা।