নেপালে থামল উদ্ধারকাজ, ১৮৯ ভারতীয়সহ নিখোঁজ হাজার হাজার মানুষ!
বার্তা ডেস্কঃ
নেপালে ঘটে যাওয়া ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে তল্লাশি এবং উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেছে নেপাল সরকার। সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথোরিটির পর্যালোচনার ভিত্তিতে জানানো হয়েছে যে, দুর্ঘটনাস্থল থেকে নতুন করে কারও জীবিত বা মৃত উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই। তাই ত্রাণ ও অনুসন্ধানের কাজ বন্ধ রেখে সরকার এখন সম্পূর্ণ মনোযোগ বিধ্বস্থ এলাকা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৬ আগস্ট মধ্য নেপালের ত্রিশূলী ও ভোটকোসি নদীর প্রবল বন্যায় বিশাল অঞ্চল সম্পূর্ণ তছনছ হয়ে যায়। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে এবং এখনও ৫,২৮৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের ৬০০-র বেশি বিদেশি পর্যটক রয়েছেন। অবকাঠামোগত ব্যাপক ক্ষতির মুখোমুখি হওয়া দেশটির বিস্তীর্ণ এলাকায় ধ্বংসের সুনির্দিষ্ট হিসাব এখনও পাওয়া যায়নি। উদ্ধারকাজ বন্ধের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিখোঁজদের ফিরে পাওয়ার শেষ আশাটুকুও এখন বিলীন হয়ে গেল।