নির্বাচন কমিশনের সামনে ধুন্ধুমার, ব্যারিকেডে চড়ে তেরঙ্গা ওড়ালেন রাহুল!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে ইন্ডিয়া জোটের মিছিলে নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মিছিলে পা মেলান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবসহ একাধিক বিরোধী সাংসদ। তবে এই কর্মসূচিতে দেখা যায়নি ডিএমকে এবং আম আদমি পার্টিকে। কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
নির্বাচন কমিশন ভবনের দুই শ মিটার দূরে পুলিশি ব্যারিকেডে আটকে যায় মিছিল। এর পরই নীতি আয়োগের সামনে ধরনায় বসে পড়েন বিরোধী সাংসদরা। উত্তেজনার মধ্যেই ব্যারিকেডে চড়ে তেরঙ্গা ওড়াতে দেখা যায় রাহুল গান্ধীকে। ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। দেশজুড়ে ভোটাধিকার হরণ ও এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধী দলগুলির এই ঐক্যবদ্ধ আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।