প্লেব্যাক ছেড়ে অরিজিতের মেগা ধামাকা, ৯ শহরে ইতিহাস গড়ার অপেক্ষায় ভক্তরা!

বার্তা ডেস্কঃ

প্লেব্যাক গায়কীকে আচমকা বিদায় জানিয়ে সোশাল মিডিয়ায় জল্পনা বাড়িয়েছিলেন অরিজিৎ সিং। তবে গান থেকে যে তিনি দূরে সরছেন না, লাইভ কনসার্টে মনোযোগ দেওয়ার কথা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। আর এবার নিজের দেওয়া কথা রাখলেন দেশের প্রিয় গায়ক!

সঙ্গীত জগতে ২০ বছর পূর্তির বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এক অভূতপূর্ব ও মেগা লাইভ ট্যুরের ঘোষণা করলেন অরিজিৎ।

৯ শহরে মেগা কনসার্ট: ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের ৯টি প্রধান শহরে আয়োজিত হতে চলেছে এই সুবিশাল ‘স্টেডিয়াম-স্কেল’ ট্যুর। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদ—এই ৯টি শহরে সরাসরি সুরের জাদু ছড়াবেন তিনি।

শ্রোতাদের প্রতি অরিজিতের ভালোবাসা: এই সফর নিয়ে আবেগঘন অরিজিৎ জানান, “সঙ্গীতের এই ২০ বছর আমার কাছে পরম প্রাপ্তির। এই যাত্রার সবচেয়ে সুন্দর দিকটি হলো সেই শ্রোতারা, যাঁরা আমার সুরকে নিজেদের জীবনের সঙ্গে বুনে নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তাঁদের ভালোবাসা সরাসরি অনুভব করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

চোখ ধাঁধানো প্রযুক্তি ও দুর্দান্ত আয়োজন: ভক্তদের এক আন্তর্জাতিক মানের মিউজিক্যাল অভিজ্ঞতা দিতে থাকছে অভূতপূর্ব প্রযুক্তি। কনসার্টে ব্যবহার করা হবে:

  • ৩৬০-ডিগ্রি স্পেশাল অডিও সিস্টেম
  • কাইনেটিক এলইডি ফিক্সচার ও প্যানোরামিক স্ক্রিন
  • হাই-টেক লেজার অ্যারে
  • চোখ ধাঁধানো স্টেডিয়াম-স্কেল পাইরোটেকনিক্স

টিকিট নিয়ে দেশজুড়ে উত্তেজনা: আয়োজক সংস্থা ‘টিম ইনোভেশন’-এর প্রতিষ্ঠাতা মোহিত বিজলানি জানান, এত বড় মাপের একটি মেগা ট্যুর দেশবাসীর সামনে আনতে পেরে তাঁরা গর্বিত। অন্যদিকে টিকিটিং পার্টনার ‘thumpN’-এর সিইও বরুণ খ্যারে বলেন, “অরিজিৎ সিং এমন একজন শিল্পী, যাঁর কনসার্টের ঘোষণা হলেই দেশজুড়ে প্রশ্ন ওঠে—টিকিট কবে থেকে পাওয়া যাবে? হাজার হাজার মানুষ একসঙ্গে এক সুরে গান গাইবেন, এই শো সত্যি অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *