কুমোরটুলির মাটির গন্ধে এআইয়ের জাদু, উত্তর দিনাজপুরের এই পুজোয় চমকে দেবে প্রযুক্তি!
বার্তা ডেস্কঃ
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের উত্তর চিরাইল বারোয়ারী দেশপ্রিয় ক্লাবের পুজো এবার প্রযুক্তির ছোঁয়ায় এক অন্য মাত্রা পেতে চলেছে। ৭৬তম বর্ষে পা রাখা এই মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে অভিনব রোবটিক সজ্জার। দেবীর ত্রিনয়ন থেকে শুরু করে মহিষাসুরের অবয়ব এবং সমগ্র মহাকাশ জুড়ে ফুটে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের চমক। মণ্ডপের ভেতরে ঘুরছে আস্ত রোবট, যা দর্শনার্থীদের বিশেষভাবে অবাক করবে। এলইডির আলো ও ত্রিমাত্রিক প্রযুক্তির মেলবন্ধনে এআইয়ের ভালো ও মন্দ দিক তুলে ধরার এই অভিনব প্রয়াস ইতিমধ্যেই এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
প্রযুক্তির এই আধুনিক মোড়কের মধ্যেও প্রতিমার ক্ষেত্রে বজায় রাখা হয়েছে সনাতনী ঐতিহ্য। কুমোরটুলির খ্যাতিমান শিল্পী ইন্দ্রজিৎ পালের হাতে গড়া মাটির প্রতিমা শাস্ত্রীয় রীতি মেনেই তৈরি হয়েছে। এই সৃজনশীল ভাবনার কারিগর শিল্পী সঞ্জীব দত্ত জানান, দেবীর রুদ্ররূপ ও প্রযুক্তির বাস্তব রূপ ফুটিয়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। পুজো কমিটির সম্পাদক রিঙ্কু সিংহ জানিয়েছেন, বর্তমান এআই যুগের সঙ্গে ঐতিহ্যকে এক সুতোয় বাঁধতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দর্শনার্থীদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।