বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে আরএসএস-বিজেপির দাপট, যাদবপুরে বিস্ফোরক আইসা নেত্রী!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরএসএস ও বিজেপির মতো ডানপন্থী সংগঠনগুলো পরিকল্পিত আক্রমণ চালিয়ে রাজ্যের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আবহকে হুমকির মুখে ফেলছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-র জাতীয় সভাপতি নেহা বোরা। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন থেকে পুলিশি আটকের পর মুক্তি পেয়েই সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যৌথ কনভেনশন ‘জেন জি আন্দোলন: প্রজন্মের ঐক্য এবং প্রতিরোধ’-এ যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেহা বোরা স্পষ্ট জানান, কেন্দ্র সরকার ভয় দেখিয়ে কিংবা কেনার চেষ্টা করলেও বামপন্থীরা কোনোদিন বিক্রি হয় না এবং নিপীড়নের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে।

এসআরএফটিআই-এর সাম্প্রতিক পরিস্থিতি, একের পর এক বুলডোজার সংস্কৃতি এবং নির্বাচন কমিশন, পুলিশ ও সংবাদমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই আইসা নেত্রী। একই মঞ্চে সরব হয়ে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য পাঠ্যক্রম পরিবর্তনের সমালোচনা করেন এবং বাকস্বাধীনতার অধিকার রক্ষায় দিল্লি ও কলকাতার ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এই প্রতিবাদী সমাবেশ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় যে, হামলা চালিয়ে বা ভয় দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *