পুজোর ভিড় সামলাতে দক্ষিণ পূর্ব রেলের বিশেষ উপহার, দেখে নিন স্পেশাল ট্রেনের তালিকা!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় এড়াতে বড়সড় ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। দুর্গাপূজা, দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে রেলের পক্ষ থেকে মোট ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি একাধিক নিয়মিত ট্রেনের সঙ্গে স্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে, যা উৎসবের দিনগুলিতে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা ও ভিড়ের সমস্যা অনেকাংশে কমাবে।
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শালিমার-চরলাপল্লি, সাঁতরাগাছি-আজমের, রাঁচি-আনন্দ বিহার, হাতিয়া-এলটিটি মুম্বই, সাঁতরাগাছি-নাহারলাগুন এবং মালদহ টাউন-দিঘার মতো একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে চলাচল করবে। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল প্রশাসনের এই উদ্যোগ উৎসবমুখর মানুষের যাতায়াত আরও নিরাপদ ও মসৃণ করবে বলে আশা করা হচ্ছে।