হিন্দি না জানলে চাকরি নেই! জোম্যাটো সুপারভাইজারের হুমকির ভিডিও ঘিরে তোলপাড়
বার্তা ডেস্কঃ
বেঙ্গালুরুর একটি জোম্যাটো গুদামে কর্মীদের ওপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে অন্ধপ্রদেশের বাসিন্দা তথা সংস্থার সুপারভাইজার অশোককে বলতে শোনা যায়, স্থানীয় ভাষা কন্নড় না জানলেও তিনি কেবল হিন্দিতেই কথা বলবেন। কর্মীরা এটি কর্নাটক বলে প্রতিবাদ জানালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংস্থায় কাজ করতে হলে হিন্দি শিখতেই হবে, অন্যথায় চাকরি ছেড়ে দেওয়ার পথ খোলা রয়েছে।
এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় কন্নড়-পন্থী সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়ে এবং জোম্যাটো গুদামের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ওই সুপারভাইজারের অপসারণের দাবি জানায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে মাদানায়েকানাহাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্কের মুখে পড়ে শেষপর্যন্ত অভিযুক্ত অশোক হাতজোড় করে কন্নড় ভাষাতেই সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নেন এবং ভবিষ্যতে এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করেন।