সিইসি-র পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক ঘিরে ধুন্ধুমার!

বার্তা ডেস্কঃ

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, ভোটার তালিকা ও এসআইআর সংক্রান্ত বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। আজ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সংসদ ভবন থেকে নির্বাচন সদন অভিমুখে এক বিশাল প্রতিবাদ পদযাত্রার ডাক দেওয়া হয়। এই মিছিলকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় তিন হাজারের বেশি পুলিশ কর্মী, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় একাধিক সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। অন্যদিকে, আকাশবাণী ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন মল্লিকার্জুন খাড়গে ও অন্যান্য নেতারা। এই আন্দোলন ও পুলিশের ধরপাকড়ের জেরে কনট প্লেসসহ সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আম আদমি পার্টি প্রতিবাদ থেকে দূরে থাকলেও, এই সর্বাত্মক বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক পারদ বর্তমানে চরমে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *