যোধপুরের আকাশে গর্জন তুলল এফ-৩৫, শুরু হলো ভারতের ইতিহাসের বৃহত্তম মহড়া তরঙ্গ শক্তি ২০২৬!
বার্তা ডেস্কঃ
রাজস্থানের যোধপুর এয়ারফোর্স স্টেশনের আকাশ এখন আন্তর্জাতিক সামরিক সহযোগিতার এক অনন্য কেন্দ্র। শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার মেগা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’। ‘পাওয়ার ইন পার্টনারশিপ’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এই মহড়ায় আমেরিকা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ মোট সাতটি বন্ধু রাষ্ট্র অংশ নিয়েছে। যোধপুরের আকাশে মার্কিন এফ-৩৫এ লাইটনিং টু যুদ্ধবিমান এবং জার্মানির ভারী কার্গো বিমান এয়ারবাস এ৪০০এম বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ভারতীয় বায়ুসেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদেশি সেনার এই যৌথ উপস্থিতি সামরিক শক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এবারের মহড়ায় ট্রান্সপোর্ট বিমান হয়েও ফাইটার জেটের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে জার্মানির এয়ারবাস এ৪০০এম, যা নিয়ে উচ্ছ্বসিত জার্মান বায়ুসেনার ক্যাপ্টেন মরিস বার্নস। তাঁর মতে, ভারতীয় বায়ুসেনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং রণকৌশলগত পরিকল্পনা উভয় দেশের বোঝাপড়াকে আরও মজবুত করছে। অপারেশনাল এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর এয়ারক্রু ও মিশন প্ল্যানারদের মধ্যে পেশাদারি আদানপ্রদান ঘটছে। যোধপুরের এই মেগা আয়োজন একদিকে যেমন বন্ধু রাষ্ট্রগুলোর পারস্পরিক সামরিক ঐক্য সুদৃঢ় করছে, তেমনই বিশ্বমঞ্চে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার অপ্রতিরোধ্য প্রদর্শন হিসেবেও চিহ্নিত হচ্ছে।