মালদহ জেলা পরিষদে বড় ধাক্কা, হাত শিবিরের হাতছাড়া ক্ষমতা!
বার্তা ডেস্কঃ
মালদহ জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম নাটক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সাজানো ছক এবং ভিনরাজ্যের রিসর্টে সদস্য লুকিয়ে রাখার ‘রণনীতি’ সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে অবশেষে মালদহ জেলা পরিষদের দখল নিল বিজেপি। মঙ্গলবার ভোটাভুটির দিনে তৃণমূলের একাংশের অপ্রত্যাশিত ও নাটকীয় সমর্থনে বোর্ড গঠন করে পদ্মশিবির। এ দিন সভাধিপতি পদে জয়ী হলেন বিজেপির দীপিকা বালা এবং সহ-সভাধিপতির দায়িত্ব পেলেন লিপিকা বর্মন ঘোষ।
গত কয়েক মাস ধরে চলা অনাস্থা প্রস্তাব, পুলিশি হস্তক্ষেপ ও আইনি লড়াইয়ের জেরে মালদহের রাজনৈতিক পারদ চড়েছিল। কংগ্রেস ২৪ জন সদস্যকে ঝাড়খণ্ডের রিসর্টে রেখে ক্ষমতা দখলের পরিকল্পনা করলেও শেষরক্ষা হয়নি। ভোটের আগে নাটকীয় মোড়ে তৃণমূলের বিক্ষুব্ধ অংশ কংগ্রেসের সঙ্গ ছেড়ে সরাসরি বিজেপিকে সমর্থন করায় হাত শিবিরের সমস্ত হিসাব ও কৌশল ভেস্তে যায়। এর ফলে কংগ্রেসের পুরনো শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদহে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো।