প্লেব্যাক থেকে অবসরের পর কলকাতায় ব্রাত্য অরিজিৎ, ভক্তদের মনে গভীর ক্ষোভ!

বার্তা ডেস্কঃ

মাত্র ৩৮ বছর বয়সে প্লেব্যাক থেকে স্বেচ্ছাবসর নিয়ে দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া অরিজিৎ সিং ফের মঞ্চে ফিরছেন। সঙ্গীত কেরিয়ারের দু’দশক পূর্তি উদযাপনে ২০২৭ সালে দেশজুড়ে বড়সড় লাইভ কনসার্টের আয়োজন করেছেন এই তারকা গায়ক। আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদ থেকে শুরু হতে চলা এই মিউজিক্যাল ট্যুর মে মাস পর্যন্ত দেশের নয়টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে। তালিকায় চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, পুণে, ইন্দোর ও হায়দরাবাদের নাম থাকলেও, আশ্চর্যজনকভাবে বাদ পড়েছে কলকাতা। প্রিয় গায়কের এই সফরের খবরে অনুরাগীরা একদিকে উচ্ছ্বসিত হলেও, নিজের রাজ্য তালিকায় না থাকায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন ভক্তরা।

তবে পরিস্থিতি দেখে জল্পনা শুরু হয়েছে যে, পরবর্তীতে হয়তো কলকাতার নাম এই কনসার্ট তালিকায় যুক্ত হতে পারে। শেষবার ২০২৩ সালে ভারত সফর করা অরিজিৎ এই মিউজিক্যাল ট্যুর নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, শ্রোতাদের সরাসরি ভালোবাসা পেতে তিনি মুখিয়ে রয়েছেন। দু’দশকের এই দীর্ঘ যাত্রায় কত গান, কত স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই আবারও সরাসরি মঞ্চে ভক্তদের মুখোমুখি হতে আর অপেক্ষা করতে পারছেন না বলে মন্তব্য করেছেন গায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *