ডিজের সংজ্ঞায় বিভ্রান্তি ও পুলিশি হয়রানি, মুখ ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি মাইক ব্যবসায়ীদের!

বার্তা ডেস্কঃ

শারদীয়া উৎসবের মুখে সংকটের মুখে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দুর্গাপুজো ও বিসর্জনে ‘ডিজে’ পুরোপুরি নিষিদ্ধ করার পর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। অভিযোগ, পুলিশ ‘ডিজে’র কোনো নির্দিষ্ট সংজ্ঞা ছাড়াই দুটো সাধারণ সাউন্ড বক্স ব্যবহার করলেও তা বাজেয়াপ্ত করছে এবং কর্মীদের আটক করছে। এই বিভ্রান্তির ফলে পুজোর আর মাত্র ১১ দিন বাকি থাকলেও কোনো চাহিদা নেই। সোমবার বারাসাতে ‘সাউথ বেঙ্গল ইলেকট্রিক্যাল ডিস্ট্রিক্ট কমিটি’র এক জরুরি বৈঠকে ১৭টি জেলার নেতৃত্ব এই পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা করেন।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে, সরকারকে দ্রুত ‘ডিজে’ বলতে ঠিক কোন ধরনের সাউন্ড সিস্টেমকে বোঝানো হচ্ছে এবং কোন যন্ত্র নিষিদ্ধ, তার সঠিক নির্দেশিকা জারি করতে হবে। একই সঙ্গে অবিলম্বে ‘পুলিশি হয়রানি’ বন্ধের আর্জি জানানো হয়েছে। যদি এই বিষয়গুলো স্পষ্ট না করা হয় এবং পুলিশি নির্যাতন অব্যাহত থাকে, তাহলে পুজোর পর থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকমের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ও স্পিকার ভাড়া বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এই ব্যবসার সাথে লক্ষ লক্ষ লোকের জীবিকা জড়িত বলে তারা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *