সন্ত্রাসে মদত দিলে চরম পরিণতি! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে সপাটে ধমক বিপ্লব দেবের
বার্তা ডেস্কঃ
রাষ্ট্রসংঘের সাধারণ সভার ষষ্ঠ কমিটির অধিবেশনে পাকিস্তান ও ইসলামিক সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিনিধি তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। সীমান্ত-পার সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান, সন্ত্রাসবাদে মদত দিলে তার ফল ভুগতেই হবে। ওআইসি-কে তোপ দেগে তিনি বলেন, অপরাধী ও ভুক্তভোগীকে এক করে দেখার প্রবণতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওআইসি-র মন্তব্য করার কোনো অধিকার নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
জম্মু-কাশ্মীর নিয়ে ওআইসি-র বিবৃতির তীব্র বিরোধিতা করে বিপ্লব দেব বলেন, পাক-অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের মতো জায়গায় মানুষের মৌলিক অধিকার হরণ ও হিংসার ঘটনা ঘটে চলেছে, সেদিকে ওআইসি-র চোখ বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদ দমনে কোনো দ্বিচারিতা চলবে না উল্লেখ করে তিনি ১৯৯৬ সালের প্রস্তাবিত সর্বাঙ্গীণ আন্তর্জাতিক সন্ত্রাস দমন সনদ দ্রুত চূড়ান্ত করার দাবি তোলেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক মহলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।