পেঁয়াজের দামে বিরাট স্বস্তি! মাত্র ৩৫ টাকা কেজি দরে মিলছে নাগালের মধ্যে
বার্তা ডেস্কঃ
খুচরো বাজারে পেঁয়াজের চড়া দামে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই স্বস্তির খবর নিয়ে এল রাজ্য সরকার। বাজারে প্রতি কেজি পেঁয়াজ যেখানে ৬০ থেকে ৭০ টাকায় বিকোচ্ছিল, সেখানে সাধারণ মানুষকে সুরাহা দিতে মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে কৃষিজ বিপণন দপ্তর। মহারাষ্ট্রের নাসিক থেকে আনা এই পেঁয়াজ নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলাতেও এর ব্যতিক্রম হয়নি। জেলার মোট নয়টি জনবহুল জায়গায়, যার মধ্যে বর্ধমান, কাটোয়া ও কালনা অন্তর্ভুক্ত, এই শিবির চালু করা হয়েছে। বর্ধমানের কার্জন গেট চত্বরে চালু হওয়া এই কেন্দ্র থেকে ক্রেতারা সর্বোচ্চ দুই প্যাকেট করে পেঁয়াজ কিনতে পারছেন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা চলবে। সরকারের এই পদক্ষেপে চড়া দামের ঝাঁঝ থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।