২০২৯-এ বাংলায় ৪২-এ ৪২! মোদীকে মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাটে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গ রাজনীতিতে বড়সড় তোলপাড় ফেলা মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গুজরাটের মাটি থেকে সরাসরি তিনি ঘোষণা করেন, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই জয় ছিনিয়ে এনে পদ্মশিবির প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দেবে।

অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের বর্তমান ও অতীত সরকারকে তীব্র রাজনৈতিক নিশানা করে শুভেন্দু দাবি করেন, অতীতে বাম এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমল জুড়ে যে তোষণের রাজনীতি চলেছে, তা রাজ্য ও দেশের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছিল। অতীতে খোলা সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ ঘটেছে বলেও তিনি অভিযোগ তোলেন। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তা শক্ত হাতে দমন করা হচ্ছে বলে জানান তিনি।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলায় রেল ও পরিকাঠামো ক্ষেত্রে যে অভূতপূর্ব জোয়ার এসেছে, তার ভূয়সী প্রশংসা করেন বিরোধী দলনেতা। রাজ্য তথা দেশের স্বার্থে আগামী লোকসভা নির্বাচনে বাংলার সবকটি আসনে জয়লাভ নিশ্চিত করাই এখন তাঁদের মূল লক্ষ্য ও অঙ্গীকার বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *