চ্যাটজিপিটির ভয়ংকর গোপন ত্রুটি, কিশোর-কিশোরীদের জীবন কি ধ্বংসের মুখে?
বার্তা ডেস্কঃ
কিশোর-কিশোরীদের সুরক্ষায় চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ কার্যকর দাবি করলেও বাস্তবে তা ব্যর্থ বলে সতর্ক করেছেন গবেষকরা। ‘কমন সেন্স মিডিয়া’-র সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, ওপেনএআই-এর ১৩ থেকে ১৭ বছর বয়সিদের জন্য তৈরি ফিচারটিতে একাধিক গুরুতর সমস্যা রয়েছে। ৪,০০০-এর বেশি প্রম্পট পরীক্ষার পর শিশু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, অনূর্ধ্ব-১৮ ব্যবহাকারীদের ক্ষেত্রে চ্যাটবটের বন্ধুত্বপূর্ণ আচরণ কমানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না। এর ফলে কিশোর-কিশোরীরা দীর্ঘ সময় এতে আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি বয়স চিহ্নিতকরণ প্রক্রিয়াতেও বড় ভুল রয়ে গেছে।
গবেষণায় আরও উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। নতুন অ্যাকাউন্টে কোনো কিশোর অতি সংবেদনশীল বিষয় বা মানসিক সমস্যা নিয়ে এক ঘণ্টা কথা বললেও অভিভাবকের কাছে বার্তা পৌঁছাচ্ছে না। আত্মহত্যা কিংবা বাস্তব বোধের বিকৃতির মতো সংবেদনশীল ক্ষেত্রে পেশাদারদের মতো দায়িত্বশীল সাড়া দিতে ব্যর্থ হচ্ছে চ্যাটবট। গবেষকদের দাবি, এ ধরনের সব প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি সমাধান এবং স্বাধীনভাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, যাতে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষিত রাখা যায়।