কাশ্মীরে গা ঢাকা দেওয়া ৬০০ বাংলাদেশি এবার বাংলায়! কী পরিকল্পনা প্রশাসনের?
বার্তা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরে বেআইনিভাবে বসবাসকারী প্রায় ৬০০ জন বাংলাদেশিকে চিহ্নিত করে রাজ্যে ফিরিয়ে আনার বড়সড় প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উপত্যকার বিভিন্ন প্রান্তে শ্রমিক বা অন্যান্য পেশার আড়ালে গা ঢাকা দিয়ে থাকা ওই অনুপ্রবেশকারীদের প্রথম দফায় বায়ুসেনার বিমানে রাজ্যে নামানো হয়েছে। এরপর চ্যাংরাবান্ধা, হিলি ও মালদহের মতো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রুট দিয়ে বিএসএফের কড়া তত্ত্বাবধানে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ জোরকদমে শুরু হয়েছে।
গোয়েন্দাদের আশঙ্কা, একটি শক্তিশালী দালালচক্রের মাধ্যমে চোরাপথে ভারতে প্রবেশের পর এদের একটি অংশ কাশ্মীরে ছড়িয়ে পড়েছিল। এর নেপথ্যে কোনো দেশবিরোধী বা জঙ্গি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম ধাপে দেড়শো জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিদেরও পরবর্তী কয়েকটি ধাপে একই পদ্ধতিতে নিজ দেশে পুশব্যাক করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে প্রশাসন।