১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বাজপাত, কী অবস্থা যাত্রীদের?
বার্তা ডেস্কঃ
পাটনা থেকে লখনউগামী ইন্ডিগোর একটি বিমানে ১৭ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় আচমকা বজ্রপাতের ঘটনা ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ইন্ডিগোর 6E925 নম্বর বিমানটিতে বিমানটিতে প্রবল বাজ পড়ে। এর ফলে বিমানে উপস্থিত শতাধিক যাত্রীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ৩টে ১০ মিনিটে পাটনা বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও শেষ পর্যন্ত চালকের দক্ষতায় নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পর দেখা যায় বজ্রপাতের আঘাতে বিমানের নাকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌভাগ্যবশত এই ভয়াবহ ঘটনার পরও বিমানে থাকা ১০৪ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত রয়েছেন। এই বিমানটি লখনউ হয়ে আহমেদাবাদ যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তার স্বার্থে যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। সম্প্রতি একের পর এক বিমান বিভ্রাটের ঘটনার মধ্যে এই বজ্রপাতের ঘটনা যাত্রী নিরাপত্তাকে আবারও উদ্বেগের মুখে দাঁড় করিয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমানটির কারিগরি ত্রুটি ও ক্ষয়ক্ষতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।