জলের কারখানার আড়ালে কোটি টাকার জাল মদ, বীরভূমে চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

বীরভূমের মুরারইয়ের হরিণপুর-জঙ্গিপুর রোডের ধারে ফলের রস ও পানীয় জলের কারখানার আড়ালে চলছিল বেআইনি মদ তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার আবগারি দপ্তর ও মুরারই থানার পুলিশ যৌথভাবে একটি টিনের চাল দেওয়া তালাবন্ধ চত্বরে অভিযান চালায়। চত্বরটিতে কোনো সাইনবোর্ড বা হোর্ডিং ছিল না। ভেতরে প্রবেশ করে পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা বিপুল পরিমাণ সন্দেহভাজন জাল বিদেশি মদ তৈরির সামগ্রী, বিদেশি মদের বোতল, প্যাকেট, রাসায়নিক পদার্থ ও ড্রাম উদ্ধার করেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া বীরভূমের আবগারি পুলিশ সুপার তনয় গুহ জানান, উদ্ধার হওয়া লিকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। তবে কারখানা ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের বাজারমূল্য এখনও নির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেখানে বড় ধরনের বেআইনি চক্র সক্রিয় ছিল। এই অবৈধ কার্যকলাপ কতদিন ধরে চলছিল, কারখানার মালিক কে এবং এর পেছনে আর কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *