১২ বছরে ১২০ কোটির খরচ, আমানতকারীদের হাতে মাত্র ৯৬ কোটি! চিটফান্ড কাণ্ডে ফুঁসে উঠল হাইকোর্ট।

বার্তা ডেস্কঃ

চিটফান্ড মামলায় বিচারপতি এসপি তালুকদার কমিটির কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিগত ১২ বছরে কমিটি ঠিক কী কাজ করেছে, তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ। আদালতের ভর্ৎসনা, আমজনতার রাজকোষের টাকা এভাবে নয়ছয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুনানিতে সংস্থাগুলির মোট সম্পত্তি শনাক্তকরণ এবং ছোট আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ জোরালোভাবে ওঠে। আদালত স্পষ্ট জানায়, প্রভাবশালী নয়, বরং ৫ বা ১০ হাজার টাকা জমা রাখা নিম্ন ও মধ্যবিত্ত আমানতকারীদের অর্থ ফেরানোই প্রধান অগ্রাধিকার। এছাড়া সম্পত্তি রক্ষায় গাফিলতি ও ডুয়ার্সে ভিবজিওরের সম্পত্তি বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিটির নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

সবচেয়ে কড়া পর্যবেক্ষণ উঠে আসে কমিটির বিপুল খরচ নিয়ে। পর্যাপ্ত কর্মী না থাকার যুক্তি উড়িয়ে আদালত জানায়, ২৪ জন কর্মী ও ১৩ জন ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও কাজের অগ্রগতি হতাশাজনক। হিসাব কষে আদালত জানিয়েছে, ১২ বছরে আনুমানিক ১২০ কোটি টাকার বেশি সরকারি অর্থ খরচ হলেও আমানতকারীদের মাত্র ৯৬ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে! জনগণের রাজস্ব খরচ করে এই ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার কড়া বার্তা দিয়ে আগামী ১৯ নভেম্বরের শুনানিতে কমিটিকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *