পুজোর আগেই সুখবর, বকেয়া সম্পত্তি করে ১০০% ছাড় পেলেন কলকাতার বাসিন্দারা!

বার্তা ডেস্কঃ

কলকাতা পুরসভার প্রায় পৌনে চার লাখ বকেয়া সম্পত্তি করদাতার জন্য পুজোর মুখেই সুখবর দিল রাজ্য সরকার। আগামী ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত বকেয়া সম্পত্তি কর মেটালে জমে থাকা সুদ ও জরিমানায় মিলবে ১০০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। পুরভোটের আগেই নাগরিকদের স্বস্তি দিতে এই বিশেষ ‘ওয়েভার স্কিম’ চালুর প্রস্তাবে সায় দিয়েছে নবান্ন। সম্পূর্ণ সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। একই সঙ্গে নাগরিকদের সুবিধার্থে বকেয়া কর কিস্তিতে পরিশোধের সুযোগও রাখছে পুরসভা।

বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রেও মিলছে বড় ধরনের উপহার। এ জাতীয় সম্পত্তির বকেয়া করে সুদের ওপর ৭০ শতাংশ এবং জরিমানায় ৯৯ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। একই ভবনে বসবাস ও ব্যবসা চললে সুদের ওপর ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে। দীর্ঘ দিন অনলাইন সার্ভার বিকল থাকা এবং নির্বাচনের কাজে পুরকর্মীরা ব্যস্ত থাকায় কর আদায় প্রায় তলানিতে ঠেকেছিল। বর্তমানে পুরসভার বকেয়া করের পরিমাণ ৬,৮৫৪.২৯ কোটি টাকা। ওয়েভার স্কিমের মাধ্যমে এই বিশাল পরিমাণ বকেয়া কর আদায় করে কোষাগারের হাল ফেরাতে মরিয়া কলকাতা পুরপ্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *