কলেজে ফিরছে ছাত্র সংসদ নির্বাচন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বার্তা ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী বছর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার জোরালো ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজে এবিভিপি-র সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, ছাত্র রাজনীতি ও ভোটদান প্রক্রিয়া পুনরায় চালু হওয়া উচিত। উল্লেখ্য, তৃণমূল আমল এবং করোনা মহামারীর জেরে বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে এবং ইউনিয়নের ঘরগুলি তালাবন্ধ অবস্থায় আছে। এদিন মুখ্যমন্ত্রীর এই বার্তার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার ছাত্র ভোট আয়োজনের পক্ষে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাষ্ট্রীয় ভাবধারার প্রসার ঘটবে। এর আগে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীও ছাত্র নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই নির্বাচন আগামী দিনে পুনরায় চালু হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ছাত্র রাজনীতির পরিবেশ ফিরবে বলেই মনে করা হচ্ছে। তবে দেশবিরোধী শক্তি ও উগ্র বামপন্থীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *