তর্পণের ভোরেই সুখবর, পুজোর আগেই বকেয়া বেতন পাবেন পুরকর্মীরা!
বার্তা ডেস্কঃ
মহালয়ার প্রাক্কালে রাজ্যবাসীর নিরাপত্তা ও সামগ্রিক প্রস্তুতিক্রম পর্যালোচনা করতে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং পুরসভাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর উৎসবমুখর আবহে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুরকর্মীদের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে ফেলা এবং উৎসবের দিনগুলোতে বিশেষ সাফাই অভিযান চালানোর কঠোর নির্দেশ দেন তিনি। জরুরি নিরাপত্তায় পুলিশের ‘১১২’ নম্বর পরিষেবার কার্যকারিতাও সচল রাখা হচ্ছে।
তর্পণের ঘাটগুলোতে দুর্ঘটনা এড়াতে ভোর থেকেই ডুবুরি মোতায়েন, পর্যাপ্ত আলো ও কোস্টাল পুলিশের নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা পর্যাপ্ত চিকিৎসকের উপস্থিতি এবং পুলিশ, দমকল ও পুরসভার যৌথ সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও শহর সাজিয়ে তোলার আহ্বান জানানো হয়। বিকেলে রেড রোড থেকে শোভাযাত্রা সহকারে ইডেনে গিয়ে রাজ্যপালের উপস্থিতিতে বর্ণাঢ্য পুজো সূচনা অনুষ্ঠানে অংশ নেবে রাজ্য মন্ত্রিসভা।