পুজোর আগেই কলকাতার রাস্তা থেকে কেন উধাও হলো বিজ্ঞাপনের কাঠামো?

বার্তা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়ম না মেনে পুজোর মুখে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বিজ্ঞাপনী কাঠামো ও ব্যানারগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। ট্রাফিক সিগন্যাল, সরকারি যাত্রী প্রতীক্ষালয় এবং দিক নির্দেশক বোর্ড ঢেকে দেদার বাঁশের কাঠামো তৈরি করে বিজ্ঞাপন লাগানো হয়েছিল, যা সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি করছিল। গত পাঁচ দিন ধরে চলা এই বিশেষ অভিযানে উত্তর ও দক্ষিণের প্রায় ৮০টি জায়গা থেকে অবৈধ বিজ্ঞাপনের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শ্যামবাজার, শিয়ালদহ, রাসবিহারী ও যাদবপুরের মতো ব্যস্ততম এলাকায় চলা এই অভিযানে মূলত মিডিয়ান স্ট্রিপ এবং যাত্রী প্রতীক্ষালয়গুলিকে জঞ্জালমুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

পুরসভার বিজ্ঞাপন বিভাগ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর পুজো কমিটি ও এজেন্সিগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে বিজ্ঞাপন লাগানোর নির্দেশ দেওয়া হলেও অনেকেই তা মানেননি। শনি ও রবিবার সাময়িকভাবে বিরতির পর আগামী সোমবার থেকে এই ভাঙার কাজ ফের শুরু হবে এবং তা চলবে ষষ্ঠী পর্যন্ত। প্রতি বছর এই নিয়ে অভিযোগ উঠলেও রাজনৈতিক ও উৎসবের কথা মাথায় রেখে এতদিন বড় পদক্ষেপ করা হতো না। তবে এবার কঠোর অবস্থান নিয়ে পুরসভা স্পষ্ট বার্তা দিয়েছে যে, আগামী দিনে নিয়ম না মানলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কর্তৃপক্ষের আশা, এই কঠোর পদক্ষেপে ভবিষ্যতে শহরজুড়ে আরও সুশৃঙ্খলভাবে উৎসবের প্রচার ও বিজ্ঞাপন পরিচালনা করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *